হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২২ জুন) সকালে কক্সবাজারের টেকনাফের অধিবাসী ফরিদ মিয়াকে (৩৮) অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সরকারি পার্কিং এলাকা থেকে আটক করা হয়।
বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি গোয়েন্দা দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি অপারেশন টিম অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নজরদারি করছিল। সকাল ১০টার সময় সেখানে অভিযুক্ত ফরিদ মিয়াকে অবস্থান করতে দেখা যায়। এ সময় সে অস্থির এবং অসংলগ্নভাবে এদিক-সেদিক ঘোরাঘুরি করছিল।
জিয়াউল হক আরও জানান, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দল তখন তাকে আটক করে এবং এয়ারপোর্টে তাদের অফিসে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের শুরুতে ফরিদ মিয়া অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করে যে, সে ইয়াবা বহন করেছে। এরপর তল্লাশিকালে কালো রঙয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেয় সে। গণনা করে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
ফরিদ মিয়া কক্সবাজারের টেকনাফ থানার মৃত আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।









