দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে জরুরি সভা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ।
সোমবার (২৬ জুন) রাজধানীর পরিবাগে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে পরিচ্ছন্নতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনীয় সুরক্ষা উপকরণের পাশাপাশি তাদের পলিব্যাগ ও ব্লিচিং পাউডার দেওয়া হয়।
এ সময় কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নিজেও মাঠে থাকবেন বলে ঘোষণা দেন কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ।
কাউন্সিলর আসাদ বলেন, আমি বিশ্বাস করি কোরবানির বর্জ্য অপসারণের কাজে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা অন্যান্য বারের মতো এবারও তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু করবেন। পাশাপাশি বর্জ্য অপসারণ সুষ্ঠভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তদারকি টিম ও কমিটি গঠন করে দিয়েছি। এ টিমের সঙ্গে আমি নিজেও মাঠে থাকবো।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান টিটো, শাহবাগ থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুল ইসলাম সুজন প্রমুখ।









