ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় বনগ্রাম রোডে অবস্থিত ওয়াসার পাম্প হাউসসহ মোট ১৪টি স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের দশম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৫টি মামলায় মোট ৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার দুই করপোরেশনের আওতাধীন অঞ্চল ঘুরে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক কর্মকর্তারা।
জরিমানা ছাড়াও দক্ষিণ সিটি ৬৩ শিক্ষা প্রতিষ্ঠান ও ২৯ স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান চালায়। এসব অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানা কার্যক্রমে অংশ নিয়েছেন।
উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন। এ সময় মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন তারা। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা করা হয়।
বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও ডিএনসিসির কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।









