শত চেষ্টা করলেও সরকার বর্তমান পদ্ধতিতে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
বুধবার (১৯ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘ডেমোক্র্যাসি, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অব ল ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘বর্তমান পদ্ধতি যদি থাকে, তাহলে শত চেষ্টা করলেও একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না সরকার। কারণ, ১২-১৪ লাখ লোক লাগে একটা নির্বাচন চালাতে। এত লোক কোথা থেকে পাবে?
তিনি বলেন, ‘ভালো ছাত্ররাই পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ফাউন্ডেশন ট্রেনিংয়ে দুই মাস অনেক কিছু শেখানো হয়। সব কিছু বোঝানোর শেষ দিকে একটা লেকচার দেওয়া হয়। এই দুই মাসে যা শিখেছো এর বাইরে মূল কথা হলো—বস কী চায়, সেভাবে করতে হবে। এতেই তার বিদ্যা শেষ হয়ে যায়। ওই ছাত্র যা শিখে এসেছে, আর যা শিখেছে, তার সব কিছু এখানে গোল্লায় যায়। এটি হচ্ছে ব্রিটিশদের দেওয়া পিরামিড অ্যাডমিনিস্ট্রেশন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধানে দুটি জিনিস ঢোকানো হয়েছে এবং কেন ঢোকানো হয়েছে সেটি আমরা এখনও জানি না। দুটি জিনিস হচ্ছে—গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এগুলো তেল ও পানির মতো, যা একে-অপরের সঙ্গে মিশে না। যারা সংবিধানে ঢুকিয়েছেন তারাই বলতে পারবেন, কেন এটি সেখানে ঢুকিয়েছেন।’
তিনি আক্ষেপ করে বলেন, ‘আইডি কার্ডের সিস্টেমটা আমি করেছিলাম। কিন্তু বর্তমান ইলেকশন কমিশনে আমার সময়কার কোনও রেকর্ডপত্র নেই।’
সাংবাদিকদের সমালোচনা করে সাবেক বিচারপতি রউফ বলেন, ‘আমি এর আগে একটি মিটিংয়ে যা বলিনি, সাংবাদিকরা তা ছাপিয়েছেন। এ জন্য আমি সাংবাদিকদের অনেকটা ভয় পাই। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ—উল্টাপাল্টা কিছু লিখলে মনটা খারাপ হয়। আপনারা কেউ উল্টাপাল্টা কিছু লিখবেন না। আমি কারও পক্ষের নই, বিপক্ষেরও নই। আমি সাধারণ নাগরিক। সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে যেটুকু বলা দরকার, আমি সেটুকু বলেছি। কাউকে আঘাত বা খর্ব করার জন্য নয়। কারণ, সবাইকে মিলেই একটা চিন্তার মধ্যে আসতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট ড. মো. গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন প্রমুখ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।








