চট্টগ্রামের জনপ্রিয় সাপ্তাহিক ‘একুশে পত্রিকা’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২ আগস্ট) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোক বার্তায় জানানো হয়, বুধবার (২ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজাদ তালুকদারের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী ক্যানসারে আক্রান্ত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখতেন, কয়েক দিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।
হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, খুব কাছ থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক। সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে দুই দশকের বেশি সময় ধরে অবদান রাখা আজাদের অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
বুধবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জানাজা, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দ্বিতীয় ও বাদ আসর রাঙ্গুনিয়া উপজেলায় প্রয়াতের নিজ গ্রামে পদুয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজার পর স্থানীয় কবরস্থানে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হয়।









