স্বজনরা ব্যবহার করছে পুলিশ-সামগ্রী, সদর দফতরের কড়া নির্দেশনা

নুরুজ্জামান লাবু
২৭ আগস্ট ২০২৩, ২২:০০ আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২২:৩৭

নিজেদের ব্যবহারের জন্য পুলিশ সদর দফতর থেকে দেওয়া সামগ্রী স্বজনদের দিয়ে দিচ্ছেন অনেক পুলিশ সদস্য। এগুলো ব্যবহার করে স্বজনদের অনেকেই অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এরকম একাধিক অভিযোগ পাওয়ার পর কড়া নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দফতর। গত ১৭ আগস্ট পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) আতাউল কিবরিয়ার সই করা একটি নির্দেশনা জারি করা হয়। পুলিশ সদর দফতরের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে—‘বাংলাদেশ পুলিশ সদস্যদের সরকারিভাবে সরবরাহকৃত ক্যানভাস স্যু, হ্যাভারসেক, ছাতা ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ব্যতীত তার পরিবারের অন্য সদস্য বা নিকটাত্মীয়দের ব্যবহার করতে দেখা যায়। কোনও কোনও ক্ষেত্রে এসব আইটেম পুলিশ পরিবারের সদস্য ব্যতীত জনসাধারণের মধ্যেও ব্যবহার করতে দেখা যায়, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পুলিশ সদস্যদের জন্য সরবরাহকৃত এই ধরনের সামগ্রী ব্যবহার করে অপরাধীচক্র যেকোনও অপরাধ সংঘটিত করতে পারে। এমতাবস্থায়, বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য সরবরাহকৃত ক্যানভাস স্যু, হ্যাভারসেক, ছাতা এবং অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট পুলিশ সদস্য ছাড়া তার পরিবারের অন্য কোনও সদস্য যাতে ব্যবহার না করে, এসব সামগ্রী যাতে জনসাধারণ বা ভিন্ন পেশার মানুষ ব্যবহার করতে না পারে, এ ব্যাপারে পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদানসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।’

নাম প্রকাশ না করে পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা জামা-কাপড়-জুতোসহ ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্র সরকারিভাবে পেয়ে থাকেন। কিন্তু অনেক পুলিশ সদস্য এগুলো সংগ্রহ করার পর নিজে ব্যবহার না করে স্বজনদের দিয়ে দেন। কেউ কেউ সাধারণ মানুষের কাছে বিক্রিও করে থাকেন। পুলিশ সদর দফতর থেকে দেওয়া সামগ্রীতে সাধারণত পুলিশের লোগো সংবলিত একটি স্টিকার লাগানো থাকে। অভিযোগ আছে, সেই স্টিকার ব্যবহার করে  ভুয়া পুলিশ পরিচয় দিয়ে অনেকেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাও করে থাকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারিভাবে বরাদ্দ ছাড়াও পুলিশের পোশাকসহ অন্যান্য সামগ্রী রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেটসহ অনেক দোকানে বিক্রি করা হয়। এসব দোকান থেকে পোশাক কিনে ভুয়া পুলিশ সেজে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় তল্লাশি বা চেকপোস্টের নামে ছিনতাইও হয়ে থাকে। এছাড়া রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় একাধিক সিন্ডিকেট ডিবি পুলিশের জ্যাকেট সংগ্রহ করার পর ভুয়া ডিবি সেজে নিয়মিত ছিনতাই ও ডাকাতি করে বেড়াচ্ছে।

পুলিশ সদর দফতরের কর্মকর্তারা জানান, পুলিশ সদস্যদের সতর্ক করার জন্যই একটি নির্দেশনা দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দকৃত পুলিশ-সামগ্রী স্বজনদের ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে যে কেউ পুলিশ পরিচয় দিলেই প্রথমে তার পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত না হলে সাধারণ মানুষ প্রতারণা বা অপরাধের শিকার হতে পারেন।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ
বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
২০ বছরের যত্নে বাগানে বদলে গেছে ব্রিটেনের যে রেলস্টেশন
২০ বছরের যত্নে বাগানে বদলে গেছে ব্রিটেনের যে রেলস্টেশন
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ
ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার