রাজধানীর শ্যামপুরে প্রায় ২৮ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। রবিবার (২ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দনিয়া ভূমি অফিসের অন্তর্গত কদমতলী মৌজার শ্যামপুর বড়ইতলায় (বড়ইতলা রেলগেটের পাশে) সিটি ১ নং খাস খতিয়ানের ৭৫৬ ও ৭৫৭ দাগে মোট ৬৩ দশমিক ০৪ শতাংশের এই জমি উদ্ধার করা হয়। উদ্ধার করা জমির আনুমানিক বাজার মূল্য ২৮ কোটি টাকা।
উদ্ধার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান। এসময় মিরপুর সার্ভেয়ার, দনিয়া ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা-কর্মচারী, অবৈধ দখলে থাকা একটি পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
খাসজমি উদ্ধার করে ঢাকার জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সরকারি খাসজমি রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।









