রাজধানীর পূর্ব মনিপুরে একটি বাসার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে মোহাম্মদ ইমন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ চুরি করা স্বর্ণ ও নগদ অর্থও উদ্ধার করা হয়।
সোমবার (২ অক্টোবর) দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর বিকালে রাজধানীর মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি বাসায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লক্ষাধিক টাকার মালামাল খোয়া যায়। পরে পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুই জনকে শনাক্ত করা হয়।
গ্রেফতার ইমন স্থানীয় হারুন মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থী উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা জানান, রবিবার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ইমন পুলিশকে জানায়, সে আইফোন কেনার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিল। কিন্তু পরিবার থেকে দেয়নি। এতে সে ক্ষিপ্ত হয়ে অন্যের বাড়িতে চুরির পরিকল্পনা করে। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করে। আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ইমন।









