দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে ছয়টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে দুটি স্থানে অভিযান চালানো হয়েছে। চারটি সরকারি দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্যাহ আদনান (রবিবার (৮ অক্টোবর) জানান, গাজীপুরের চন্দ্রায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট স্থানগুলোতে গিয়ে অবৈধ সংযোগ পাওয়া গেছে। পরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রায় ১৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ব্যাপারে মোবাইল কোর্ট বসিয়ে অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে এনফোর্সমেন্ট টিম।
অপরদিকে, বগুড়ার শিবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগের পর দুদকের স্থানীয় জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযানকালে প্রমাণ পাওয়া যায় যে, দাফতরিক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ হলেও অফিসের মোটরসাইকেলটি কর্মকর্তা নিজে ও তার পরিবারের সদস্যরা ব্যবহার করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়মিত এবং সময়মতো অফিসও করেন না বলে প্রতীয়মান হয়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।









