তুর্কমেনিস্তানের জাতীয় সংসদের স্পিকার দুনিয়াগুজেল গুলমানোয়ার কাছে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. আমানুল হক তার পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) পরিচয়পত্র পেশকালে তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক ও আন্তসংসদীয় সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বেগমুরাত মুহাম্মেদভ উপস্থিত ছিলেন। দেশটির ঐতিহ্যবাহী ও আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে পরিচয়পত্র পেশ অনুষ্ঠিত হয়।
দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশ অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত স্পিকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠককালে রাষ্ট্রদূত স্পিকারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি সেরদার বার্ডিমুহমাদভকে শুভেচ্ছা জানান। দুনিয়াগুজেল গুলমানোয়ার বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও উচ্চতর পর্যায়ে উন্নীত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, রাষ্ট্রদূত হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয়ে স্পিকারকে অবহিত করেন। তুর্কমেনিস্তান সংসদের স্পিকার তুর্কমেনিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত মো. আমানুল হককে দেশটিতে স্বাগত জানান। ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সরকার ও জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।









