আনসারকে কোনও ক্ষমতা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি জানিয়েছেন, পুলিশের বক্তব্যকে প্রাধান্য দিয়েই আনসার ব্যাটালিয়ন আইন করা হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আনসার ব্যাটালিয়ন সদস্যদের অপরাধীকে গ্রেফতার, দেহ তল্লাশির ক্ষমতা দেওয়া হচ্ছে- এ বিষয়ে বিভিন্ন মহলের সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন আনসারকে কোনও ক্ষমতা দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেসব ব্যাপার দেখা হয়েছে। তদন্তের কথা বলা হয়েছে, পুলিশ বাহিনীর যেখানে বক্তব্য, সেই বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে আইনটি পাস হবে।
আনিসুল হক আরও বলেন, আইনের যেখানে যেখানে প্রশ্ন রয়েছে সেটা যখন স্থায়ী কমিটিতে যাবে তখন সেগুলো স্পষ্ট করা হবে।
আইনে বলা হয়েছে, আনসার বাহিনীর সামনে যদি কোনও অপরাধ ঘটে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধরে তারা পুলিশে সোপর্দ করতে পারবে।








