পুলিশের ওপর হামলার ভিডিও পাঠানো হচ্ছে বিভিন্ন দূতাবাসে

নুরুজ্জামান লাবু
২৯ অক্টোবর ২০২৩, ২২:৫৭আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২৩:৩২

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় সবগুলো ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এছাড়া পুলিশের নিজস্ব ক্যামেরায় তোলা ভিডিও একত্রিত করে তা বিভিন্ন দেশের দূতাবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর ব্যাপক হামলা করা হয়। ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশকে বেধড়ক ও নির্দয়ভাবে পিটিয়ে আহত করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল মারা যান। এছাড়া রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে আরেক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে পিটিয়ে ও মাথার হেলমেট খুলে ইট দিয়ে মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়। এমনকি একটি লাঠির মাথায় আগুন জ্বালিয়ে ফুটপাতে পড়ে থাকা ওই পুলিশ সদস্যের গায়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পাশের একটি ভবন থেকে এই দৃশ্য ধারণ করেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও সংগ্রহ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নৃশংসতা বিদেশি দূতাবাসগুলোর কাছে তুলে ধরা হবে।

সূত্র জানায়, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কাছে এসব ভিডিও এবং ছবি ও এর বর্ণনা ডকুমেন্টারি আকারে তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিট ডকুমেন্টারিগুলো বানানো শুরু করেছে।

পুলিশ সূত্র জানায়, বিদেশি দূতাবাসগুলো থেকে সবসময় পুলিশের মারমুখী আচরণের সমালোচনা করা হয়। কিন্তু পুলিশ ত্বরিত ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলার অবনতি কেমন হয় এবং পুলিশ সদস্যরা যে মারধরের শিকার হন তা দূতাবাস কর্মকর্তাদের দেখানো হবে। একইসঙ্গে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীরা যে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাস শুরু করেছে তাও তাদের সামনে তুলে ধরা হবে। এজন্য গাড়িতে আগুন দেওয়ার ঘটনাগুলোর ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে সংগৃহীত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিচ্ছেন যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা। রবিউলকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে গোয়েন্দা পুলিশের একাধিক দল।

পুলিশ জানায়, সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা এত সহিংসতা করতে পারে, এটা তারা কল্পনাও করতে পারেননি। যদিও সংঘর্ষ বা সহিংসতার শঙ্কা বিবেচনা করেই পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। এছাড়া মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের আগ বাড়িয়ে কোনও সংঘর্ষে লিপ্ত না হওয়ার জন্য কঠোর নির্দেশনাও ছিল। এ কারণে কাকরাইলের প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে শুরু হওয়া সংঘর্ষ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ার কারণে পুলিশ সদস্যরা কিছুটা হতচকিত হয়ে পড়ে।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সহিংসতা বা সংঘর্ষ হবে ধরে নেওয়ার কারণে পুলিশের এত সদস্য মারধরের শিকার হতে হয়েছে। প্রস্তুতিরও কিছুটা ঘাটতি ছিল। এছাড়া গোটা রাজধানীতে পুলিশ মোতায়েন করার কারণে নয়াপল্টনকেন্দ্রিক পুলিশের সংখ্যাও কিছুটা কম ছিল। এ কারণে ছোট ছোট দলে থাকা পুলিশ সদস্যরা লাখ লাখ মানুষের প্রতিরোধের মুখে পিছু হঠতে বাধ্য হয়। এই সুযোগে পিছিয়ে পড়া বা একা হয়ে যাওয়া পুলিশ সদস্যরা মারধরের শিকার হন।

ঢাকা মহানগর পুলিশের ওই কর্মকর্তা জানান, প্রথম থেকেই পুলিশ সদস্যরা অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছে। কিন্তু এত বেশি পুলিশ সদস্য হামলার শিকার হওয়ার কারণে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে কিছুটা অসন্তোষও দেখা দিয়েছে। তারা মনে করছেন, যথাযথ নির্দেশনার অভাবে পুলিশকে মার খেতে হয়েছে। তা না হলে পুলিশের সামনে বিএনপি নেতাকর্মীরা টিকতে পারতো না।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের