ঢাকা উত্তর সিটি এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ পদ্ধতি। এর মাধ্যমে মোবাইল অ্যাপ ও কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করে নির্ধারিত স্থানে গাড়ি পার্ক করতে পারবেন নগরবাসী।
বুধবার (৮ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রকল্পের আওতায় গুলশান এলাকার ৮টি সড়কে স্মার্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এগুলো হলো—ডিআইটি সার্কুলার রোড, গুলশান-২ ইনার সার্কুলার রোডে, ৪২, ৫৮, ৬২, ৬৩, ৬৪, ১০৩ নম্বর সড়ক। এসব সড়কে মোট ১৮২টি গাড়ি পার্কিং করা যাবে।
প্রথম তিন ঘণ্টার জন্য সব ধরনের গাড়ির পার্কিং ফি ৫০ টাকা। চতুর্থ ঘণ্টা থেকে ১০০ টাকা। তবে শুধু মোটরসাইকেল প্রথম ৩ ঘণ্টা ১৫ টাকা। চতুর্থ ঘণ্টা থেকে ৩০ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মানুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের কথা বলেছিলেন। আজ ২০২৩ সালে শতভাগ না হলেও ৮০ শতাংশ ডিজিটাল হয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও মোবাইল ও ইন্টারনেটের আওতায় আছেন ও বিভিন্ন সেবা নিচ্ছেন। ২০৪১ সালের আগেই আমরা স্মার্ট বাংলাদেশ পাবো সেই আশা করি।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, গুলশানে আজ পরীক্ষামূলকভাবে গাড়ি পার্কিং কার্যক্রম মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনার জন্য পাইলটিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিন মাসের জন্য গুলশানের আটটি সড়কে ১৮২টি গাড়ি পার্কিং করার জন্য সড়কে রঙকরণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে ডিএনসিসি'র অন্যান্য এলাকায় এ পদ্ধতি চালু করা হবে।
কীভাবে ব্যবহার করবেন এই সেবা
প্রথমে ফুটপাতে নির্ধারিত নিয়ম অনুসারে সাদা রঙ চিহ্নিত স্থানে গাড়িটি সমান্তরালে বা ৬০ ডিগ্রিতে পার্ক করতে হবে। অ্যাপ অথবা স্মার্ট পার্কিং কার্ড ব্যবহার করে পার্কিংটির বৈধতা নিশ্চিত করে নিতে হবে। দুটি পদ্ধতিতে এটি ব্যবহার করা যাবে।
প্রথম পদ্ধতি
নির্ধারিত অ্যাপে প্রবেশ করে রাস্তাটি নির্বাচন করে 'পার্কিং' বাটন ক্লিক করতে হবে। তারপর যেকোনও একটি স্থান এবং ঘণ্টা অনুসারে গাড়ি রাখার 'সময়' নির্বাচন করে নিতে হবে। এরপর নির্বাচিত ঘণ্টা অনুসারে সফটওয়্যারটি পার্কিংয়ের চার্জ প্রদর্শন করবে এবং ওই চার্জ যেকোনও অনলাইন পেমেন্টের মাধ্যমে দেওয়া যাবে। চার্জ দেওয়া সঠিকভাবে সম্পন্ন হওয়া সাপেক্ষে পার্কিং সেবাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
দ্বিতীয় পদ্ধতি
একটি 'স্মার্ট পার্কিং কার্ড' সংগ্রহ করতে হবে, যেটি রাস্তায় থাকা ওয়ার্ডেনের বা ইসলামী ব্যাংকের গুলশান, বনানী শাখা থেকে সংগ্রহ করা যাবে। প্রথমবারের মতো এই স্মার্ট পার্কিং কার্ডটিতে ব্যবহারকারীর তথ্য দিয়ে নিবন্ধন করে নিতে হবে ইসলামী ব্যাংক গুলশান, বনানী শাখা থেকে। দ্রুত সেবা গ্রহণের লক্ষ্যে ইসলামী ব্যাংকের শাখা থেকে নিবন্ধিত স্মার্ট পার্কিং কার্ডে কিছু টাকা রিচার্জ করে রাখতে হবে।
গাড়ি পার্কিং করার পর স্মার্ট পার্কিং কার্ডটি ওয়ার্ডেনকে দিলে এবং একজন কত ঘণ্টা পার্কিং করবে তা উল্লেখ করতে হবে, ওয়ার্ডেন তার হাতে থাকা পিওএস (পস) মেশিনের মাধ্যমে স্মার্ট পার্কিং কার্ড থেকে গাড়ির পার্কিং পেমেন্ট সংগ্রহ করে একটি রসিদ দেবে।









