বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৌভিক করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দুদিনের শোক ঘোষণা করেছে সংগঠনটি।
বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ শোকবার্তায় সাবেক নেতাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় নিহত নেতাদের স্মরণে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। আগামী ৯ ও ১০ নভেম্বর ২ দিনব্যাপী শোক পালন করা হবে। এদিন সংগঠনের সব নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবেন। ১৭ নভেম্বর স্মরণসভার আয়োজন করবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
শোকবার্তায় নেতারা এই মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে বলেন, “সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম ও সৌভিক করিমের মৃত্যু কোনও স্বাভাবিক মৃত্যু নয়, এটি কাঠামোগত হত্যাকাণ্ড। আমাদের দুই অগ্রজ জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই সংগ্রাম এগিয়ে নেবো। আমরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
উল্লেখ্য, বুধবার মধ্যরাতে (৮ নভেম্বর) রাজধানীর বাংলামোটর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুজনই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সংগঠন ও কর্মস্থলে। দুর্ঘটনার পর আরিফুল ইসলাম ও সৌভিক করিমকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। একইদিন জোহরের নামাজের পর ইস্কাটন গার্ডেনের সুইড স্কুল মাঠে আরিফুল ইসলাম ও সৌভিক করিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।









