রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মারা যান বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তা দিপান্বিতা বিশ্বাস দিপা। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সংশ্লিষ্ট আদালতের জিআর শাখায় মামলাটির এজাহার আসে। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তা গ্রহণ করেন। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় অভিযোগ থেকে জানা যায়, দিপান্বিতা বিশ্বাস দিপা (দিপু সানা) বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১০ জানুয়ারি) ছুটি শেষে অফিসের বাসযোগে শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১১৭/১ নম্বর নিউ সার্কুলার রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসা মাত্র অজ্ঞাতনামা আসামি ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ করে তার মাথার ওপর ফেললে তিনি গুরুতর আঘাত পান। এরপর ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় দিপু সানার স্বামী তরুন কুমার বিশ্বাস রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।
আরও পড়ুন:









