রাজধানীর মতিঝিল এজিবি কলোনির ভবন নয় তলা থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তার নাম মোছা. হামিদা আক্তার (২৮)।
শুক্রবার (১২জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ডিএমপির মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নারী নিজেই লাফিয়ে পড়ে মারা গেছেন। তিনি মানসিক রোগী ছিলেন। তাকে চিকিৎসা করানো হতো। ওই বাসায় মৃতার মাও থাকতো। তার স্বামী ডেপুটেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিউটি করে।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক ফাতেমা খাতুন সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
ধামরাইয়ের মহিষাসী গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে হামিদা। বর্তমানে মতিঝিল এজিবি কলোনির ভবন নং ৩, ফ্লাট নং ৮/বি’তে থাকতেন।









