আয়বৈষম্য দূর করতে নিবর্তনমূলক কর ব্যবস্থা বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৪, ১৮:২০ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:২০

আয়বৈষম্য দূর করতে নিবর্তনমূলক কর ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্যরা বলেছেন, পৃথিবীতে ধনী ও দরিদ্রের বৈষম্য ক্রমাগত বাড়ছে। ধনীদের ধনী হওয়ার প্রক্রিয়ার কারণে দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের মাঝে যে তীব্র আয়বৈষম্য তৈরি হয়েছে, তা দূর করতে নিবর্তনমূলক কর ব্যবস্থা বাতিল হওয়া প্রয়োজন।

বুধবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ (ইক্যুইটিবিডি) আয়োজিত ‘কর দেবে ধনীরা, দরিদ্ররা নয়’ শীর্ষক এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে ইক্যুইটিবিডি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ ক্লাইমেট জার্নালিস্ট ফোরাম, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ১২টি সংগঠন অংশ গ্রহণ করে।

বাংলাদেশ ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে মোতাহার হোসেন বলেন, ‘পরোক্ষ করের মাধ্যমে মূলত একজনের কর অন্যজনকে দিতে বাধ্য করা হয়। একটি কোম্পানির ওপর ধার্য করা ট্যাক্স দেয় ক্রেতারা। এতে দরিদ্র মানুষের জীবনযাপন ব্যয় বৃদ্ধি পায়। অন্যদিকে যে কোম্পানি আয় করছে, সে কর থেকে অব্যাহতি পায়। এ ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার।’

ইক্যুইটিবিডির সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক বলেন, ‘স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো থেকে পুঁজি ও মুনাফা পাচার বন্ধের জন্য আন্তর্জাতিক ট্যাক্স নেটওয়ার্কের স্বচ্ছতা ও জবাবদিহি প্রয়োজন। এ জন্য এ নেটওয়ার্ককে জাতিসংঘের আওতাধীন করতে হবে এবং স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে এর সদস্য বানাতে হবে। কারণ এ সব দেশ থেকে বিপুল পরিমাণে মুনাফা ও পুঁজি পাচার হয় উন্নত বিশ্বে।’

সিপিআরডির ইমরান হোসেন বলেন, ‘বাংলাদেশে কর ফাঁকি দেওয়া একটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকলেও তার কোনও প্রয়োগ নেই। পরোক্ষ কর হ্রাসের জন্য আয়কর এবং সম্পদের ওপর কর আদায়ে জোর দিতে হবে।’

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের পক্ষে নিখিল চন্দ্র ভদ্র বলেন, ‘একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা বিলোপের জন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। অথচ এখন বাংলাদেশে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য সবচেয়ে বেশি। একটা জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক কর ব্যবস্থার মাধ্যমে এই বৈষম্য হ্রাস করা সম্ভব।’

সংগঠনগুলোর পক্ষ থেকে সমতা ও ন্যায্যতাভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে পাঁচটি সুপারিশ তুলে ধরা হয়। সেগুলোহলো–

কর ফাঁকি রোধসহ আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে একটি সুষম ও ন্যায্যতাভিত্তিক কর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে; পুঁজি ও মুনাফা বিদেশে পাচার রোধে গবেষণা ও অনুসন্ধানসহ অন্যান্য কার্যকর পদক্ষেপ নিতে হবে; সব ধরনের পরোক্ষ কর পর্যায়ক্রমে হ্রাসের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ওপর থেকে করের বোঝা লাঘব করতে হবে; ভ্যাট ও অন্যান্য যেসব রাজস্ব পরোক্ষ করের সুযোগ সৃষ্টি করে, সেগুলো সংস্কার করতে হবে এবং আসন্ন বিশ্ব অর্থনীতি ফোরাম ও বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ যেন সমতা ও ন্যায্যতাভিত্তিক অবস্থান গ্রহণ করে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
যে থিমে সাজছে গুলশান-বনানী পূজামণ্ডপ
যে থিমে সাজছে গুলশান-বনানী পূজামণ্ডপ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা