দেশেই অগ্নি নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রী উৎপাদনের জন্য এ খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাংলাদেশে ফায়ার সেফটি খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শিল্পমন্ত্রী বলেন, দেশে বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের সঙ্গে সঙ্গে অগ্নি নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে অগ্নি নির্বাপক ও নিরাপত্তা সামগ্রীর বাজার। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভরতা হ্রাস এবং স্থানীয় বাজারে নিজেদের অংশীদারত্ব বাড়াতে দেশে এ খাতের শিল্প স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় এবং সরকার সার্বিক সহযোগিতা করবে।
শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সাভারের চামড়া শিল্প নগরীর ন্যায় ফায়ার সেফটি খাতের জন্য পৃথক শিল্প নগরী স্থাপনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন উদ্যোক্তারা। সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।
তিনি বলেন, আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত মানের ফায়ার সেফটি সামগ্রীর প্রাপ্যতা নিশ্চিতে দেশে এ শিল্পের কারখানা স্থাপনের বিকল্প নেই। স্থানীয় বাজারের পাশাপাশি এ খাতের রফতানি সম্ভাবনার কথাও তুলে ধরেন আমিন হেলালী। ফায়ার সেফটি শিল্পের উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে কারখানা স্থাপনে এফবিসিসিআইর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডাট অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ, ইসাবের সভাপতি এবং এফবিসিসিআই’র পরিচালক মো. নিয়াজ আলী চিশতি, ইসাবের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন খান, ইসাবের সিনিয়র সহ-সভাপতি মহা পরিচালক, সহ-সভাপতিরা, পরিচালক ও ব্যবসায়ী নেতারা।
ইসাব আয়োজিত ৯ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ এর অংশ হিসেবে এই টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়।









