রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কামাল হোসেন (৪০) নামে এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. আক্তার হোসেন জানান, আমার ভাই ওয়ার্কশপে কাজ করে। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আমার ভাইকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, কামালের বাসা যাত্রাবাড়ী কোনাপাড়ায়। চার ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে থাকতেন তিনি। তার বাবার নাম সিরাজুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।









