সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন আরিফুল ইসলাম রিফাত (১৭)। সোমবার (১৮ মার্চ) রাজধানীর বংশালের সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের বাবা আবুল হাসনাত ও মা কুলসুম বেগম সাংবাদিকদের জানান, দুপুরে রিফাত ‘আর সহ্য করতে পারছি না’ বলেই ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে রিফাত ছাদ থেকে লাফ দিতে পারে জানতে চাইলে তার তার বাবা আবুল হাসনাত সাংবাদিকদের বলেন, বেশ কয়েক বছর আগে আফজাল নামে এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন। ছয় বছর আগে ফ্ল্যাট পেলেও গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ পাননি। বছরখানেক আগে পানি ও গ্যাস সিলিন্ডার পেলেও বিদ্যুতের সংযোগ পাচ্ছিলেন না। এ নিয়ে আমজাদ টালবাহানা করছিল। সোমবার দুপুরে ওই ব্যক্তিকে ফোন করে তারা বাসায় আসতে বললেও নিজে না এসে তার ভাই ইকবালকে পাঠান। তিনিও জানিয়ে দেন, এখন বিদুৎ সংযোগ দিতে পরবেন না।
রিফাতের বাবা অভিযোগ করে বলেন, ফ্ল্যাট কেনার পর পাঁচ বছর যাবত আমার অসুস্থ মা আঙ্গুরা বেগমকে নিয়ে কষ্ট করে আসছি। বছরখানেক আগে পানি সংযোগ ও গ্যাস সিলিন্ডার দেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন না। অথচ শুরু থেকে পুরো ভবনটিতে সব সংযোগই রয়েছে। আফজাল ও তার ভাই ইকবালের সঙ্গে রিফাত অনুনয়-বিনয় করে বিদুৎ সংযোগের কথা বলে। কিন্তু তারা জানিয়ে দেয়, এখন পারবে না। এরপরই রিফাত ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়ে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে আরিফুল ইসলাম রিফাতের মরদেহ দেখতে পান। সেখান থেকে তার মরদেহ মর্গে রাখা হয়েছে। রিফাত বাবা-মায়ের একমাত্র সন্তান।









