শহীদ আলতাফ মাহমুদের বহুমুখী প্রতিভাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। শুক্রবার (৭ জুন) সংগঠনটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিন বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে থাকবে নানা আয়োজন।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতনের কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক এবং আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতনের প্রধান উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু। প্রধান অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে পল্লীমা সংসদকে সম্মাননা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘আমাদের মধ্যে দেশাত্মবোধ দেশপ্রেম বলে কিছু থাকছে না। আমাদের বাঙালি সংস্কৃতি, যেটা মুক্তিযুদ্ধে তরুণ প্রজন্মকে জীবন দিতে উজ্জীবিত করেছিল; সেই সব ব্যক্তিদের ধরে রাখতে হবে। তাদের সম্মান জানাতে পারলে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের সম্মান দেওয়া হবে। এভাবেই দেশের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম সৃষ্টি সম্ভব।’
সংগঠনের সহ-সভাপতি মু হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় আরও ছিলেন– সভাপতি আবদুস সামাদ ফারুক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, প্রাক্তন সচিব হুমায়ূন খালিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।









