ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মিরপুর গোলারটেক মাঠে প্রথমবারের মতো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে । ঈদের প্রধান জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়। এলাকাবাসীর সঙ্গে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর, এবং কর্মকর্তারা এই জামাতে অংশগ্রহণ করবেন।
রবিবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
প্রধান ঈদ জামাত ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ৫টি করে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। ডিএনসিসির উদ্যোগে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ৫৪টি ওয়ার্ডে ২৭০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে এবার প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান ঈদ জামাত উপলক্ষে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তরে বসবাসরত নগরীবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবার গোলারটেক মাঠে ডিএনসিসির প্রধান জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আমি নিজেও এই জামাতে অংশগ্রহণ করবো। এর ফলে ঢাকা উত্তরের জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হবে। ওয়ার্ডভিত্তিক ঈদের জামাত আয়োজনের পাশাপাশি এবার প্রথম বড় পরিসরে মিরপুরে ডিএনসিসির প্রধান জামাত আয়োজন হচ্ছে।’









