প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছে, এটা অনেকের পছন্দ নয়: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ২১:২৫ আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২১:২৫

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। দারিদ্র্যকে জয় করেছি। সক্ষমতা ও মর্যাদার জায়গায় পৌঁছেছি। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল আমাদের মর্যাদার জায়গায় নিয়ে গেছে। সেটি অনেকের পছন্দ নয়। সে জন্য তারা তিন দিন দেশে তাণ্ডব চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা কন্টেন্ট তৈরি করে বিতর্কিত করা হচ্ছে। কারণ তাদের ধারণা, প্রধানমন্ত্রীকে নামিয়ে দিতে পারলে বাংলাদেশকে নামিয়ে দেওয়া যাবে।’

বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশে একটি ভিন্ন অবস্থা বিরাজ করছে। ছাত্ররা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আন্দোলন করে। দেশের স্বাধীনতায় ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রদের প্রতি স্নেহ ও ভালোবাসা আছে। ছাত্ররা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সুন্দর সমাপ্তি হয়েছে। ২০১৮ সালে কোটা আন্দোলন সমাধান হয়েছে।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রীর নেতৃত্বে সরকার ও কোটা আন্দোলনকারী ছাত্রদের সমঝোতা চলছে, স্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সে সময় আন্দোলনকে ডাইভার্ট করা হলো। দেশে অরাজক পরিস্থিতির চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হয়েছে। ভয়াবহ ঘটনা ঘটেছে। ছাত্র, অভিভাবক, পথচারী কেউ বাদ যায়নি। বীভৎস ঘটনা। মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করেছেন। তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন। বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে সবকিছু মোকাবিলা করলেন। তিনি ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সব পরিস্থিতি ধৈর্য ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন।

সহিংসতায় নিহতদের স্মরণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন যে এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।’

শ্রমিক নেতাদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের দাবির বিষয়ে বিভিন্ন মহলে কথা বলবো। প্রতিটি জিনিস শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও নিয়মের মধ্যে আসতে হবে। সে মানসিকতা তৈরি করতে হবে। আমাদের সক্ষমতা হয়েছে, এখন মানবকাঠামো তৈরি করতে হবে। তাহলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করতে পারবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু নৌ খাতে নয়, সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। নৌ খাতের সার্বিক ব্যবস্থার আরও উন্নয়নের জন্য সরকার কাজ করছে। আমাদের সক্ষমতা ও সম্পদ বাড়ছে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে, নতুন ‘পায়রা বন্দর’ নির্মাণ করা হয়েছে, মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থায় ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে সম্মানিত হয়েছে। নতুন নতুন পর্যটকবাহী ক্রুজ জাহাজ আসছে। বিআইডব্লিউটিএর বিভিন্ন সেবার পেমেন্ট অনলাইনে নেওয়া হচ্ছে, আরও নেওয়ার ব্যবস্থা করা হবে।’

ফ্রান্সে অলিম্পিক গেমসের মার্চপাস্ট নদীতে জাহাজে অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশেও বুড়িগঙ্গায় এ ধরনের জাহাজ চলবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি এ বি এম সফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী ও সহসভাপতি মাহবুব হোসেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধসহ ১৬ নির্দেশনা
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
কাস্টমস নিয়ে অনেক অভিযোগ, মানুষ এখন ট্যাক্স দিতেও ভয় পায়: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির