বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষিদ্ধের পরে যেকোনও ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, যেকোনও ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
এর আগে, সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ৪টার দিকে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছিলেন, বুধবারের মধ্যেই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছিলেন, এ নিয়ে সব ধরনের প্রক্রিয়া চলছে। যেকোনও সময় প্রজ্ঞাপন জারি হবে।









