কোটা বিরোধী আন্দোলনে সংঘটিত ক্ষয়ক্ষতি নিরূপণে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল মন্ত্রণালয়টির বিভিন্ন সংস্থার প্রধানদের। সোমবার (১২ আগস্ট) আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের চিঠিটি ‘ভুলক্রমে’ দেওয়া হয়েছিল বলে বাতিল করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, সোমবার দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কোটা-বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ প্রসঙ্গে" শিরোনামে ভুলক্রমে জারিকৃত পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।’
আগের চিঠিতে গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ের তথ্য চাওয়া হয়েছিল। যা ‘ভুলক্রমে’ দেওয়া হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রশাসন-১ শাখা থেকে সোমবার (১২ আগস্ট) আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়।









