সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক এম কে জামান, আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি এবং বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন (বিএফডিএ)-কে এ নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা এম কে জামান। সিনেমার নাম রাখা হয় ‘মাদার অব ডেমোক্রেসি’। এ নামে গত ১৮ আগস্ট পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি। নির্মাতা জানিয়েছিলেন, সব রকম অনুমতি নিয়েই তারা সিনেমাটি শুরু করেছেন।
এদিকে আইনি নোটিশে বলা হয়েছে, সিনেমাটি নিয়ে কোনও ধরনের অনুমতি নেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের কেউ এ ধরনের সিনেমা নির্মাণে কোনও প্রকার কথা কারও সঙ্গে বলেননি। অনুমতি নেওয়া তো দূরের কথা, এই তথাকথিত চিত্রপরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কখনোই কোনও যোগাযোগই হয়নি। একটি অসৎ উদ্দেশ্যে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে একটি সিনেমা তৈরির অপচেষ্টায় লিপ্ত আছে তথাকথিত নির্মাতা ও একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
নোটিশের একটি কপি আইজিপি ও ডিএমপি কমিশনার বরাবর পাঠানো হয়েছে। যেন এ সমস্ত ব্যক্তি যারা কাজটি শুরু করতে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
একইসঙ্গে নোটিশে আগামী ৫ দিনের মধ্যে কথিত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক যেন সংবাদ সম্মেলন করে তাদের যে বক্তব্য সিনেমা নির্মাণ সম্পর্কে দিয়েছেন, তা প্রত্যাহার করে নেন- সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।









