বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেনের অস্ত্রোপচার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সফলভাবে সম্পন্ন হয়েছে।
দু’জনই এখন আশঙ্কামুক্ত ও ভালো আছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরের তাহের মোক্তার হোসেনের ছেলে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) ঢাকা সিএমএইচে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবদ্ধ হন এবং তার ডান কাঁধের হাড় ও ধমনী ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে তার অপারেশন করা হয়। পরে কিছু জটিলতা দেখা দিলে হৃদরোগ ইনিস্টিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকদের পরামর্শে তাকে রবিবার দিবাগত রাতে ঢাকা সিএমএইচে আনা হয় এবং দীর্ঘ ৬ ঘণ্টা সময় ধরে সিএমএইচের ভাস্কুলার টিম সফলভাবে কৃত্রিম রক্তনালী সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে মো. রাফি হোসেন আশঙ্কামুক্ত।
অপরজন মো. হারুন মিয়ার ছেলে মিরপুর কলেজের ছাত্র মো. মমিন হোসেন (২৩) গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন এবং গুলিটি তার মেরুদণ্ডের পেছনে আটকে যায়। ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ২৫ আগস্ট ল্যাপারস্কপির মাধ্যমে অপারেশন করে গুলি বের করা হয়। মমিন বর্তমানে ভালো আছেন। খবর: বাসস









