বিগত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও বিরোধী দলকে দমনপীড়নের উদ্দেশ্যে করা গায়েবি মামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নির্ধারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নোটিশ পাঠানো হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব; স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব; জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান; পুলিশ মহাপরিদর্শক ও র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) ডিরেক্টর জেনারেলকে এ নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার এ নোটিশ পাঠান।
নোটিশে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও বিরোধী দলকে দমন-নিপীড়নের উদ্দেশ্যে আইনি প্রক্রিয়ার অপব্যবহারের মাধ্যমে গায়েবি মোকদ্দমা রুজু করে হয়রানি, গ্রেফতারসহ রিমান্ড ও রিমান্ড বাণিজ্যের মতো ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। ভুয়া মামলা, গ্রেফতার, রিমান্ড ও ভুয়া চার্জশিট দিয়ে নির্যাতন, হয়রানি ও কারারুদ্ধ রাখার নিদের্শদাতা, পরিকল্পনাকারীসহ দায়ী সরকারি কর্মচারী/কর্মকর্তাসহ সাবেক সরকারের সংশ্লিষ্ট সাংবিধানিক পদধারীদের চিহ্নিত ও আইনের আওতায় আনারও আবেদন জানানো হয়েছে।
জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার সম্মুন্নত রাখতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নোটিশগ্রহীতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকারের জন্য প্রচলিত আইনে উচ্চ আদালতের আশ্রয় নেওয়া হবে যার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা দায়ী থাকবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।









