ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা- কর্মচারীদের আন্দোলনের মুখে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে গত ১৪ আগস্ট সাময়িক বরখাস্ত হন ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান। গুঞ্জন রয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থনে নগরভবনে ফিরেছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হওয়ার পরও বিএনপির নেতাকর্মীদের সহায়তায় তার আবার নগরভবনে ফেরা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে বিষয়টি অস্বীকার করেছেন ইশরাক হোসেন। একইসঙ্গে তার নাম ব্যবহার করে যারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারত্বসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
ইশরাকের বিবৃতির আগেই তড়িঘড়ি করে নগরভবন ছেড়েছেন আশিকুর। বৃহস্পতিবার দুপুর ২টা ২৭ মিনিটে অনেকটা দ্রুত হেঁটে নিজ কক্ষ ত্যাগ করেন তিনি। এ সময় তার সঙ্গে অন্তত ৮-১০ জনকে দেখা যায়।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মুহা. শের আলী বহিষ্কৃত প্রকৌশলী আশিকুর রহমানের বিষয়ে বলেন, শুনেছি তার সাময়িক বরখাস্তের আদেশটি মহামান্য আদালত সাময়িক স্থগিত করেছেন। কিন্তু এ সম্পর্কিত কোনও নোটিশ আমাদের কাছে আসেনি। এর আগেই তিনি নগরভবনে ফিরেছেন। কোন জায়গায় কোন অনিয়ম, বিশৃঙ্খলা আইনগতভাবে মোকাবিলা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, আশিকুর নিজ থেকে অব্যাহতি চেয়ে আবার নগরভবনে ফেরার একটাই উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে তিনি যতো অপকর্ম করেছেন সেই সম্পর্কিত তথ্য গোপনের জন্য অনেকগুলো ফাইল সরিয়ে ফেলেছেন।
এই কর্মকর্তা আরও জানান, গত বুধবার বিকালে আশিকুর রহমানের অফিস থেকে বেশ কয়েকজন লোক প্রবেশ করে। সেখানে আলোচনা হয়েছে তিনি যদি স্বপদে ফিরতে না পারেন তাহলে দেশ ত্যাগ করবেন। আলোচনা শেষে যারা তার অফিস থেকে বের হয়েছেন তাদের কয়েকটি ফাইল নিয়ে বের হতে দেখা যায়। তবে কিসের ফাইল তা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না।









