ঢাকার তেজগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। তেজগাঁও থানার আরেক হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে তেজগাঁও থানা-পুলিশ। আদালত তা মঞ্জুর করেন। এ সয়ম তাদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
দীপু মনি, পলক, শাকিল, রুপার মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট তেজগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রমিজ উদ্দিন আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর তার বাবা এ কে এম রকিবুল হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এই মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আব্দুল্লাহ আল মামুনও আসামি।
রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আব্দুল্লাহ আল মামুনের আরেক মামলার অভিযোগে বলা হয়, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম একই এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে যান। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।









