মুক্তিপণের দাবিতে রাজধানীর পল্টন এলাকা থেকে অপহৃত ট্রাভেল ব্যবসায়ী যতন সূত্রধরকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে মো. ইব্রাহীম হোসেন সাব্বির নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর যতন সূত্রধরের ছেলের অভিযোগে পল্টন মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, পল্টনের ফকিরাপুলে ভিকটিম যতন সূত্রধরের ‘জে এস এক্সর্কাসন অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। প্রতিদিনের মতো ২৯ সেপ্টেম্বর রাতে যতন সূত্রধর অফিস থেকে বাসার যাওয়ার উদ্দেশে অফিস ভবনের নিচে নামেন। সাধারণত ভিকটিম ব্যবসার টাকা বাসায় নিয়ে যায়। যথাসময়ে বাসায় না পৌঁছানোয় ভিকটিমের ছেলে তার মোবাইলে ফোন করলে অপরিচিত লোক ফোন রিসিভ করে। তারা জানায় যতন সূত্রধরকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা না দিলে কিংবা পুলিশকে খবর দিলে তারা ভিকটিমকে মেরে ফেলবে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গত মঙ্গলবার ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে অপহৃত যতন সূত্রধরকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাব্বির অপরহণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পল্টন মডেল থানার মামলায় গতকাল আদালতে পাঠানো হয়েছে।









