দ
লীয় নেতাদের কথা বলার ক্ষেত্রে সংযত ও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বিষয়ে সবাইকে কথা না বলার ব্যাপারেও এক রকম বিধি আরোপ করেছেন দলীয় সভাপতি। সোমবার (১৪ মার্চ) ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় দলের নেতাদের প্রতি তিনি এ নির্দেশ আরোপ করেন। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য এ সব তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনা ও কার্গো বিমান বন্ধের দুটি ঘটনাই অত্যন্ত স্পর্শকাতর। এগুলোর সঙ্গে ভাবমূর্তি জড়িত। তাই এই বিষয়গুলো সম্পর্কে না জেনে, না বুঝে কেউ কথা বলবেন না। এছাড়া, সব বিষয়ে সবাইকে কথা বলতে হবে কেন—প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, আমাদের দলের অনেক নেতা রয়েছেন, সব ইস্যুতে কথা বলেন। যা প্রধানমন্ত্রী একেবারেই অপছন্দ করেন। বৈঠকে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনা। সম্পাদকমণ্ডলীর ওই নেতা আরও বলেন, অযথা কথা বলা জটিলতাই বাড়ায়, কমায় না বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাই তিনি, কথা-বার্তায় তাই সবাইকে সতর্কতা অবলম্বলনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।








