রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম। শুক্রবার (১৮ অক্টোবর) ভোর রাতে দারুস সালাম থানা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন সিটি কলোনিতে যৌথ অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
তারা হলো মো. সাজ্জাদ হোসেন (২৮), মো. সবুজ মিয়া (২০), মো. কাউছার (২৬) ও মো. ওসমান গনি (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৮টি চাকু, ৫টি রামদা, ৪টি হাঁসুয়া ও ১টি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দারুস সালাম থানা এলাকায় যৌথ বাহিনীর ডিউটি চলাকালীন গোপন সংবাদ আসে যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। এ সময় চার জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেফতার চার জনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণের ধারায় একটি মামলা করা হয়েছে।
উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছে তারা দারুস সালাম থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন সিটি কলোনি এলাকাসহ আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









