গ্রিম ভাইদের সংকলিত রূপকথার জনপ্রিয় চরিত্র রাপুনজেল। নির্জন টাওয়ারে বাস করা সেই স্বর্ণকেশী রাপুনজেলের গল্প থেকে নাটক ‘ট্যাঙ্গেলড’ মঞ্চস্থ হয়েছে রাজধানীর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখায়। মঞ্চ নাটকটি ওয়াল্ট ডিজনির মেলোডিয়াস অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘ট্যাঙ্গেলড’-এর একটি রূপান্তর।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্কুলের নাটক, নৃত্য ও সঙ্গীত ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে এ নাট্যানুষ্ঠানের আয়োজন করে।
ট্যাঙ্গেলডের নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক এম ফ্রাঁসোয়া গ্রোসজিন। আরও বক্তৃতা করেন স্কুলের উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ। এছাড়াও অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার ও শাহেদ আলী।
নাটকের নির্দেশনায় ছিলেন স্কুলের ড্রামা ক্লাবের সদস্য ফাসভির আহমদ চৌধুরী, শৈলী পারমিতা নীলপদ্ম ও সাফিয়া ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী তৌফিক ইসলাম ইমন ও সাইদুর রহমান। সঙ্গীত পরিচালনা করেন গাজী মান্নাফ ও পলাশ নাথ।
স্কুলের এ বার্ষিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তাহসান জহির, ফাহিয়াম আহমেদ, ধ্রুপদী লতিফা সিদ্দিক, তাহসিনা আয়েশা, মানহা সাবরিন, ভুঁইয়া আয়েশা, সারা সুমাইয়া হক প্রজ্ঞা, অরিয়ন ভট্টাচার্য, বাজনিন রহমান ও অর্ণব কুমার কুণ্ড প্রমুখ।
বার্ষিক এ নাট্যানুষ্ঠান উপলক্ষে স্কুল ভবনকে বেলুন-ফেস্টুন দিয়ে নতুন করে সাজানো হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এ চমৎকার নাট্যানুষ্ঠান উপভোগ করে।









