বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘৮৪ কোটি টাকার দুর্নীতি: প্রতিবাদ করায় হয়রানির অভিযোগ প্রকল্প পরিচালকের’ শীর্ষক একটি প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়েছে আনিফকো হেলথকেয়ার। আনিফকো হেলথকেয়ারের দাবি, তারা দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে প্রাইভেট ও সরকারি সেক্টরে সুনামের সঙ্গে নির্ভরযোগ্য মেডিক্যাল যন্ত্রপাতির ব্যবসা করে আসছে। এখনও পর্যন্ত তাদের বিরদ্ধে কোনও অনিয়ম ও অবৈধভাবে কাজ করার অভিযোগ নেই।
আনিফকো হেলথকেয়ারের দাবি, টেন্ডার প্রসেসিং অবস্থায় কথা বলার অর্থ হলো ক্রয় প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করা। এছাড়া গোপনীয় বিষয় হওয়া সত্ত্বেও টেন্ডার টেকনিক্যাল বা ইভালুয়েশ্যন কমিটির তথ্যটা প্রতিবেদক কোথায় পেলেন, সেই বিষয়ে প্রশ্ন তোলায় হয়েছে প্রতিবাদপত্রে। এছাড়া প্রতিবেদনে ৮৪ কোটি টাকার পরিমাণ ভুল, (প্রকৃতপক্ষে ৮০ কোটি ৩০ লাখ হবে) ও পুলিশি হয়রানির সঙ্গে আনিফকো হেলথকেয়ারের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে। আনিফকো হেলথকেয়ার দাবি করে— তারা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক চেনেন না। এছাড়া ইউএসএফডিএ’র ভুয়া সনদের বিষয় ও ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
আলোচিত প্রতিবেদনটি, সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি, টেন্ডারের সঙ্গে জমা দেওয়া নথিপত্র ও অংশগ্রহণকারীদের একাধিক লিখিত অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনও বক্তব্য নেই। এছাড়া অভিযোগের প্রেক্ষিতে আনিফকো হেলথকেয়ারের সত্বাধিকারী ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের বক্তব্যও গুরুত্বসহকারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মূল প্রতিবেদনের লিংক:
৮৪ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতি: প্রতিবাদ করায় হয়রানির অভিযোগ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে









