চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)।
শনিবার (২ নভেম্বর) রাতে হাজারীবাগের গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শুক্রবার (১ নভেম্বর) ভুক্তভোগী মো. বিপ্লব ইসলাম প্রিন্সের (২০) মা বিলকিস বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের কর হয়। এই মামলার সূত্র ধরেই ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিপ্লব ইসলাম প্রিন্স গণকটুলির সিটি কলোনি বৈলখানা গেটের সামনের রাস্তায় ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার ১৫-২০ জন ওপর হামলা করে। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বিপ্লবকে মারধর করে তারা। গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। উপস্থিত লোকজনের সহায়তায় প্রিন্সের মা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায়, তারা দুজন হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। গ্রেফতার দুই জনসহ হাজারীবাগের এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ডিসি।









