ঢাকার দুই সিটি করপোরেশন বাদে সারা দেশের সিটি করপোরেশন ও পৌরসভার অপসারণকৃত কাউন্সিলরদের পুনর্বহাল করে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা বলেছেন, কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে তারা এই সরকারকে পূর্ণ সমর্থন দেবেন।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে কাউন্সিলরদের সমাবেশে এসব কথা বলেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, কাউন্সিলরদের অপসারণের পর থেকে নাগরিক সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং প্রত্যেকটি ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়েছে। যার ফলে ওয়ার্ডবাসী নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছে। ওয়ার্ডবাসী তাদের চাহিদা অনুযায়ী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া কাউন্সিলরদের অপসারণের সুযোগে রোহিঙ্গাদের ভোটার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে সরকারের ভাবমূর্তি নগরবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তারা বলেন, আমরা এই সরকারের সফলতা দেখতে চাই। তাই সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন ব্যতীত বাকি ১০টি সিটি করপোরেশনের অপসারণকৃত কাউন্সিলরদের পুনরায় বহাল করে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।
আয়োজক সংগঠনের আহ্বায়ক গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক সরদার শামস্ আল-মামুন, ডিইউজের নির্বাহী সদস্য এম মোশাররফ হোসাইন প্রমুখ।









