রাজধানীর মুগদা গ্রীন মডেল টাউন লেকের কচুরিপানার নিচ থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায় নি। তার বয়স আনুমানিক (১৪) বছর। তার পরনে ছিল কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও সবুজ রঙের হাফ প্যান্ট।
বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় গ্রীন মডেল টাউনের ই ব্লকের দুই নম্বর রোডের পাশে লেকের পানিতে কচুরিপানার নিচ থেকে ওই অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে গতকাল রাতে লেক থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো. বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে কে বা কারা ওই কিশোরকে হত্যা করে লেকের কচুরিপানার নিচে লুকিয়ে ফেলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।








