বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে (৬৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তালেবুর রহমান জানান, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ভিকটিম মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হয়। আহত আহাদুল ইসলামকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. বাকের গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে— গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ মামলার আসামি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে ধানমন্ডি থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।









