রাজধানীর কদমতলীতে পারিবারিক কলহের জেরে মো. তানজিল হোসেন (২২) নামের এক যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কদমতলীর দক্ষিণ ধনিয়ার এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
গলায় ফাঁস লাগানো ও অচেতন অবস্থায় তানজিল হোসেনকে তার স্বজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকতারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দাম্পত্য কলহের জেরে শনিবার ভোর রাতে রুমে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানজিল হোসেন। এছাড়া মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।
নিহত তানজিলের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব মধ্য হাজিপুরে। বাবার নাম মো.নবী হোসেন। তিনি কদমতলীর দক্ষিণ ধনিয়ায় স্ত্রী লামিয়া বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তানজিল একটি হোটেলে সার্ভিসম্যানের কাজ করতেন।









