বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত অর্থবছরের (২০২৩-২৪) আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই হিসাব প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্যানুয়ী, ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান আয় করেছে ১০,৫৭৫ কোটি এবং নিট মুনাফা হয়েছে ২৮২ কোটি টাকা।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন— বিমান পরিচালনা পর্ষদের সব সদস্য। এছাড়া শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ আয় করেছে, যার পরিমাণ ১০,৫৭৫ কোটি টাকা— যা পূর্ববর্তী অর্থবছরের তুলনাই ৯.৫০ শতাংশ বেশি। একইসঙ্গে ২০২৩-২০২৪ অর্থবছরে বিমান ১৫৫৬ কোটি টাকা অপারেশনাল মুনাফা অর্জন করেছে, তবে এক্সচেঞ্জ লস ও ট্যাক্স পরবর্তী ২৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ নিয়ে কোভিড মহামারির পর টানা চতুর্থবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান এবং সর্বশেষ ১০ অর্থবছরে ৮ বারই নিট মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।









