রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. সজীব (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সজীব মোহাম্মদপুর টাউন হল-সংলগ্ন বিহারি ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. সোহেল। দুই ভাইয়ের মধ্যে তিনি জ্যেষ্ঠ।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শাহজাহান রোডে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, মোহাম্মদপুরের পুরান থানা রোডের মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনে পূর্ব শত্রুতার জেরে দুই বন্ধুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় রহমত উল্লাহ নামে একজন ফুটপাতের দোকান থেকে একটি ছুরি নিয়ে সজীব নামে এক তরুণকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন। ময়নাতদন্তের জন্য সজীবের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে আরও কোনও ঘটনা রয়েছে কিনা, তদন্তের পর তা জানা যাবে। এছাড়া এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এ দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে মর্গের সামনে গিয়ে দেখা যায়, নিহত সজীবের মা নাসিমা ছেলের শোকে আহাজারি করছেন। তাকে ঘিরে স্বজনরা সান্তনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, আমার ছেলে অনলাইনে বাসাবাড়ি বদলের কাজ করতো। আমরা টাউন হল বিহারি ক্যাম্পে থাকি। সামান্য ঘটনা নিয়ে আমার ছেলেকে শেষ করে দিলো।









