দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় প্লেজেন প্রোপার্টিসের সিইও ফাইজুর আহমেদ ও ম্যানেজার (অ্যাডমিন) ইব্রাহিমকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পান ওই দুই জন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তাদের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বাদীপক্ষে আবরার খান তাসলিম জামিনের বিরোধিতা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন– তামিমের বাবা মামলার বাদী সুলতান আহমেদ।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় গত ২৪ ডিসেম্বর বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলে জানা গেছে।
মামলার সূত্রে জানা গেছে, তিন জন মালিকের জমি নিয়ে প্লেজেন প্রোপার্টিস একটি ভবন নির্মাণ করে। ৯তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। কিন্তু জমির মালিক তামিমের বাবাকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক। গত বছরের ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায় ২০-২৫ জন দুর্বৃত্ত। তামিম ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।









