রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে অবৈধ বিদেশি অস্ত্রসহ রেজাউল করিম রাজু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা অ্যামুনেশন ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় রেজাউল করিম রাজু নামের এক ব্যক্তি ব্যবসার আড়ালে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছে। এছাড়া সে যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন সময় অবৈধ অস্ত্র প্রদর্শন করে এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রবিবার রাতে সায়েদাবাদ বাস টার্মিনালের মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১০-এর এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার রেজাউল করিম রাজুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে রাজধানীর সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এছাড়া লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করতো।








