রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা কমিটি নির্বাচনকে কেন্দ্র হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম এ কথা জানান।
এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এলিফ্যান্ট রোডের মালটিপ্ল্যান সেন্টারের সামনের রাস্তায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তারা হলেন– এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির সভাপতি ওয়াহিদুল হাসান দিপু ও যুগ্ম-সাধারণ সম্পাদক এহতেশামুল হক।
উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘এক মাস আগে ওখানে একটি নির্বাচন হয়। নির্বাচন সংশ্লিষ্ট একটি বিরোধ তাদের মধ্যে আগে থেকেই ছিল। আমাদের ধারণা নির্বাচনের কারণে ওই ঘটনা ঘটতে পারে। অথবা অন্য কোনও কারণেও হতে পারে। এছাড়া আসামিদের না ধরা পর্যন্ত মূল বিষয়টা এখনই বলা যাবে না। আমরা চেষ্টা করছি।’
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মালটিপ্ল্যান সেন্টারের সামনে অবস্থান করছিলেন কয়েকজন যুবক। সবার পরনে শীতের পোশাক ও মুখে মাস্ক ছিল। ওই যুবকরা হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা চালায়। এছাড়া গাড়ির বাইরে থাকা আরেকজনকে উপর্যুপরি কোপাতে থাকে।
ব্যবসায়ীদের ধারণা, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি মো. নজরুল ইসলাম হাজারী বলেন, ‘রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পরই অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়।’
দুই ব্যবসায়ী নেতার ওপর হামলাকারীদের বিচার চেয়ে শনিবার দুপুর থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেন এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ প্রসঙ্গে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দিন বলেন, ‘কে বা কারা কী কারণে হামলা করেছে সেটি জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
আরও পড়ুন...









