ব্রিজ ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রকৌশলী আনিছুর রহমান ও সংশ্লিষ্ট ঠিকাদার এস.এম. হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ জানুয়ারি) মামলাটি দায়ের করেন দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল।
মামলার এজাহারে বলা হয়, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়কান্দি ব্রিজ থেকে মাইজকান্দি খাল পর্যন্ত ৩টি ব্রিজসহ রাস্তা হেরিং বোন বন্ডকরণ (এইচবিবি) প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্পের কাজে আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণার মাধমে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে, নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে দেখানো হয়। পরে চূড়ান্ত বিল দাখিল করে অসম্পূর্ণ কাজের বিল বাবদ অতিরিক্ত ৬ লাখ ৩৩ হাজার ৭৪৪ টাকা ক্ষমতার অপব্যবহার করে উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
এ কারণে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।









