রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮টি চোরাই মোবাইল ফোনসহ ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতাররা হলো- মো. রোমান (১৯) ও মাসুদুর রহমান নাহিদ (২০)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি দল রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ আভিযান পরিচালনা করে। গোলাপশাহ মাজার এলাকায় ছিনতাই ও চোরাই করা মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সময় ছিনতাইকারী চক্রের সদস্য রোমান এবং মাসুদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮টি চোরাই মোবাইল ফোন ও একটি চার্জার জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় একটি মামলায় দায়ের করা হয়েছে।









