রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম আকিকুল ইসলাম মন্ডল (৩৫)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে মারা যান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের ভাতিজির স্বামী মামুন মিয়া বলেন, তার চাচা আকিকুল পেশায় ভাড়ায় ভ্যানচালক। আজ বিকালে কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে খালি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় রাস্তার উপর থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারী ইব্রাহীম তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত আকিকুল ইসলাম ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার টাংঘাটি মোড়ল বাড়ি গ্রামের মৃত আতর আলী মন্ডলের ছেলে। বর্তমানে কুড়িল ঘাটপার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিন ছেলের জনক ছিলেন তিনি।








