রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে পথশিশুকে ধর্ষণের ঘটনায় রায়হান (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এরআগে বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ১০ বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথশিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান (১৯) নাম এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, রাতে রায়হান নামে ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়েঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে।
হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানান, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিস্তারিত কিছুই জানি না।









