শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধপথে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন জব্দ এবং এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটি বলছে, গ্রেফতার দুজন এই চোরাচালান চক্রের সদস্য।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজপ ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গ্রেফতারকৃতরা হলো, খন্দকার তাওহিদ হাসান তুহিন ও মো. রাজন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীতে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মিরপুরের শাহআলী থানা এলাকায় একটি চক্র শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধপথে আনা বিভিন্ন মডেলের মোবাইল ফোন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তুহিন ও রাজন নামে দুজনকে গ্রেফতার করে ডিবি।
এ সময় তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের ১৮৩টি মোবাইল ফোন ও একটি ক্যাশ মেমো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।









